সম্প্রতি বিশ্বজুড়ে জ্বালানি তেল ও গ্যাসের মূল্যবৃদ্ধির জন্য খাতটিতে যথাযথ বিনিয়োগের অভাবকে দোষারোপ করেছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় তেল উৎপাদনকারী রাষ্ট্র সংযুক্ত আরব আমিরাত।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, সোমবার (৮ নভেম্বর) থেকে দেশটির দুবাই শহরে শুরু হয়েছে আফ্রিকার তেল উৎপাদনকারী রাষ্ট্রগুলোর সম্মেলন আফ্রিকা অয়েল উইক কনফারেন্স। গুরুত্বপূর্ণ সেই সম্মেলনের উদ্বোধনী দিনে বক্তব্য রাখেন আমিরাতের জ্বালানিমন্ত্রী সুহাইল আল মাজরৌয়ি।
তিনি বলেছেন, বর্তমানে বিশ্ব এক রকম ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছে। গত কয়েক বছর যাবত তেল-গ্যাস, জীবাশ্ম জ্বালানির পরিবর্তে পরিবেশ বান্ধব ও পুনর্নবায়ন যোগ্য জ্বালানি ব্যবহারের দিকে ঝুঁকছে অনেক দেশ। এমনকি বিপুল পরিমাণে অর্থও বিনিয়োগ হচ্ছে খাতটিতে।
আমিরাতের জ্বালানিমন্ত্রীর দাবি, অন্য দিকে খনিজ ও জীবাশ্ম জ্বালানি খাতে বিনিয়োগ ক্রমশ হ্রাস পাচ্ছে। আজ থেকে ১৫-২০ বছর আগেও আন্তর্জাতিকভাবে খনিজ ও জীবাশ্ম জ্বালানি উৎপাদন ও বিপণনে যে পরিমাণ বিনিয়োগ হতো, সেই অনুপাতে এখন খাতটিতে বিনিয়োগ অনেক কম হচ্ছে।
তার মতে, বিনিয়োগ কম হওয়ায় এখন উৎপাদনও কমে গেছে। ফলে বিশ্বজুড়েই বাড়ছে জ্বালানি তেল ও গ্যাসের দাম।
বর্তমানে সংযুক্ত আরব আমিরাতও পরিবেশ বান্ধব জ্বালানি উৎপাদনে আগ্রহী বলে সম্মেলনে দাবি করেছেন আল মাজরৌয়ি। মন্ত্রী বলেছেন, আফ্রিকার সৌর ও হাওয়াকল (উইন্ডমিল) বিদ্যুৎ প্রকল্পে এখন বিনিয়োগ করতে চায় আমিরাত।
একই সঙ্গে খনিজ তেল ও মিথেনের পরিবর্তে পরিবেশ বান্ধব জ্বালানি গ্যাস হাইড্রোজেন উৎপাদনে বিনিয়োগের বিষয়টিও সরকারের বিবেচনাধীনে আছে বলে জানান আল মাজরৌয়ি।
উল্লেখ্য, চলতি বছরের অক্টোবর মাসে সংযুক্ত আরব আমিরাতের সরকার ঘোষণা দিয়েছে, আগামী ২০৫০ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যের কোঠায় নামিয়ে আনতে চায় আমিরাত। এমনকি পরিবেশ বান্ধব ও পুনর্নবায়ন যোগ্য জ্বালানি খাতে ১৬৩ কোটি ডলার বিনিয়োগ করা হবে বলেও ঘোষণায় উল্লেখ করেছে দেশটির সরকার।